চলতি মৌসুমে একে একে অনেক তারকা ফুটবলার বিদায় জানিয়েছেন মাঠ থেকে। বিশেষ করে সার্জিও বুসকেটস ও জর্দি আলবার অবসরের পর অনেকেই ধরে নিয়েছিলেন, এবার হয়তো ফুটবল জাদুকর লিওনেল মেসিও বিদায় বলবেন। তবে ভক্তদের জন্য সুখবর—মেসি এখনই থামছেন না। ৩৮ বছর বয়সেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা ও ক্ষুধা আগের মতোই অটুট। এবার নতুন করে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করে সেই ঘোষণা দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
এমএলএস ক্লাবটির সঙ্গে মেসির আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল ২০২৫ সালের শেষে। নতুন চুক্তির মাধ্যমে তিনি নিশ্চিত করলেন—অবসর ভাবনায় যাচ্ছেন না; বরং সামনে তাকিয়ে আছেন নতুন চ্যালেঞ্জের দিকে, লক্ষ্য আরও সাফল্য অর্জন ও ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ। এখন পর্যন্ত আটজন ফুটবলার পাঁচটি করে বিশ্বকাপে খেলেছেন, যার মধ্যে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। কিন্তু মেসির সামনে সুযোগ তৈরি হয়েছে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে নতুন রেকর্ড গড়ার, যা ফুটবল ইতিহাসে নজিরবিহীন।
নতুন চুক্তি সম্পর্কে ক্লাব এবং মেসি উভয় পক্ষের বার্তা একটাই—“আমরা একে অপরকে চাই।” ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির নতুন চুক্তি হবে “বছর বছর নবায়নযোগ্য।” অর্থাৎ, যতদিন তিনি শারীরিকভাবে প্রস্তুত ও খেলতে আগ্রহী থাকবেন, ততদিন মাঠে দেখা যাবে তাঁকে। চুক্তির মেয়াদ শেষ হবে কেবল মেসির নিজের সিদ্ধান্তে।
মেসির সঙ্গে সম্পর্কটিও কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং ক্লাবের অংশীদার হিসেবেও। কারণ তাঁর প্রথম চুক্তিতেই ছিল, তিনি ইন্টার মায়ামির শেয়ারহোল্ডার। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্তও তাঁর নিজের হাতে থাকবে। এমনকি মাঠের ফুটবল শেষে প্রশাসনিক দায়িত্বেও ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুযোগ থাকছে তাঁর জন্য।
এমএলএসে এখনো লিগ শিরোপা জেতেননি মেসি, যদিও গত মৌসুমে ইন্টার মায়ামি জিতেছিল সাপোর্টার্স শিল্ড। তাই তাঁর পরবর্তী লক্ষ্য স্পষ্ট—লিগ শিরোপা জয়, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে সাফল্য, এবং ২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া।
চুক্তি নবায়নের পর মেসি যেন নতুন উদ্যমে ফিরেছেন। তাঁর উপস্থিতি এখনো ফুটবল বিশ্বে এক অনুপ্রেরণার নাম। মায়ামির গোলাপি রঙে রাঙিয়ে তিনি যেন আবারও জানিয়ে দিলেন—“শেষটা এখনো আসেনি।”



