জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলের। শুক্রবার (৫ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এ ম্যাচ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রেড গ্রিন ফিউচার স্টার মূলত অনূর্ধ্ব-১৭ দল, যেখানে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাই দলের ১৯ জন ফুটবলারসহ রয়েছেন চার জন প্রবাসী খেলোয়াড়।
বাংলাদেশ দলের কোচ ইমরুল হাসান জানান, লাতিন ফুটবলারদের বিপক্ষে খেলার সুযোগই এই টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তাঁর ভাষায়, “ব্রাজিল ও আর্জেন্টিনার দল সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও লাতিন ফুটবলের অভিজ্ঞতা তরুণ ফুটবলারদের জন্য দুর্দান্ত সুযোগ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।”
টুর্নামেন্টে অংশ নিতে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছায়। আর্জেন্টিনা থেকেও এসেছে অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব, যারা বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশে পৌঁছেছে।
অধীর আগ্রহে অপেক্ষা করা ফুটবল ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে আয়োজক এএফ বক্সিং প্রমোশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে।



