ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, এনপিএসবি-র (NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছে।
উল্লিখিত সার্কুলারের সব ফি, চার্জ ও শর্তাবলি অপরিবর্তিত রেখে এনপিএসবি-র আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) এবং পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার)-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য এমিডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের উন্নয়নের স্বার্থে প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।



