নতুন মৌসুম ও বিশ্বকাপের প্রস্তুতির আগে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি—চোটে পড়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে আর্জেন্টাইন এই মহাতারকার, আর তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নির্ভর করছে চোট সেরে ওঠার গতির ওপর। ইনজুরির মাত্রা নির্ধারণে আরও কিছু মেডিক্যাল পরীক্ষা করা হবে। মেসির চোটের কারণে ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালোর বিপক্ষে ইন্টার মায়ামির নির্ধারিত প্রাক-মৌসুম ম্যাচ স্থগিত করে ২৬ ফেব্রুয়ারিতে সরিয়ে নেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে মেসি জানান, ইকুয়েডরে সর্বশেষ ম্যাচেই তিনি পেশিতে টান অনুভব করেন এবং চিকিৎসকদের পরামর্শেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএস মৌসুমের উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে তার খেলা এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামির সাফল্যের প্রধান কারিগর মেসি—২০২৪ সালে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে ক্লাব ইতিহাসের প্রথম এমএলএস কাপ জয়ে নেতৃত্ব দেন তিনি; একই সঙ্গে জিতেছেন গোল্ডেন বুট ও এমভিপি পুরস্কার। তাই মৌসুম শুরুর ঠিক আগে তার এই চোট দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।



