বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের মূল ম্যাচে পেনাল্টি থেকে তার গোলসংখ্যা ৪, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসির সঙ্গে আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। এখন পর্যন্ত কোনো ফুটবলারই মূল ম্যাচে পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি।
মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। তিনি সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন।
পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ১৩টি গোল করেছেন মেসি। ২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল করেন তিনি। শুধু ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।



