বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর পরিপ্রেক্ষিতেই শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকবাজ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।



