ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা থেকে দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। এবারের আসরে লাল-সবুজের সাঁতারুরা জিতেছে মোট ৬টি পদক—৩টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ। পুরুষ ও নারী উভয় বিভাগেই এসেছে এ সাফল্য।
পুরুষদের ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম জিতেছেন রৌপ্য পদক এবং মো. নয়ন আলী অর্জন করেছেন ব্রোঞ্জ। একইভাবে পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, আর ব্রোঞ্জ পেয়েছেন জুয়েল আহমেদ।
নারী বিভাগেও এসেছে সাফল্য। ১৯ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক জিতেছেন এবং বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা পেয়েছেন ব্রোঞ্জ পদক।
দেশে ফেরার পর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় তাদের অভিনন্দন জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ মেজর (অব.) আতিকুর রহমানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এই সাফল্যকে বাংলাদেশের সাঁতারের নতুন উচ্চতা হিসেবে উল্লেখ করে বলেন, “এ অর্জন তরুণ সাঁতারুদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।”



