বিশ্বমঞ্চে জায়গা করে নিতে ঐতিহাসিক অভিযানে নেমেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত পর্বে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে সোমবার (২৮ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের জাতীয় পুরুষ ও নারী টেবিল টেনিস দল।
আগামী ৩০ ও ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা আয়োজন করছে অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। মূল লক্ষ্য—২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ অর্জন করা।
জাতীয় পুরুষ দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ। দলে রয়েছেন দেশের শীর্ষ চার র্যাংকধারী খেলোয়াড়—রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন ও জাভেদ আহমেদ। নারী দলের সদস্যরা হলেন—সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান।
দলের ম্যানেজারের দায়িত্বে আছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য ও আইটিটিএফ-এর লেভেল ২ কোচ মাঈনুল ইসলাম চিশতী। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট সরাসরি দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন।
এবারের দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিচ্ছে—নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ। ভারত থেকে অংশ নিচ্ছে ১০ জন খেলোয়াড়, আর অন্যান্য দেশগুলো ৮ জন করে খেলোয়াড় নিয়ে অংশ নিয়েছে। তবে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ও ভুটান।
এই বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে কোন দলগুলো ২০২৬ সালের মূল চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ পাবে। বিশ্বের মোট ৬৪টি পুরুষ দল এবং ৬৪টি নারী দল এই আসরে অংশ নেবে। আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।



