অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার এক পারিবারিক অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন। ক্ষমতায় থাকার সময়ে কোনও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
গত বছর ভ্যালেন্টাইনস ডেতে আলবানিজ জোডি হেইডনকে প্রস্তাব দেওয়ার পর থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে এ বছরই তাদের বিয়ে হবে। তবে অনুষ্ঠান ও দিন-তারিখ সম্পর্কে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ক্যানবেরার দ্য লজে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে ছোট পরিসরের এ আয়োজন সম্পন্ন হয়। আলবানিজ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার কাছের মানুষের সামনে ভাগ করে নিতে পেরে আমরা কৃতজ্ঞ।”
জোডি হেইডন দীর্ঘদিন ধরেই আলবানিজের বিভিন্ন অনুষ্ঠান ও সরকারি পরিদর্শনে সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। বিয়েতে তিনি পরেছিলেন সিডনিভিত্তিক ডিজাইনার ‘Romance Was Born’-এর তৈরি পোশাক, আর আলবানিজ পরেছিলেন এমজে বেইলের স্যুট। অনুষ্ঠানে ফুলকন্যা ছিলেন হেইডনের পাঁচ বছর বয়সী ভাগ্নি এলা, এবং আংটি বহন করে আনে প্রধানমন্ত্রীর কুকুর টোটো।
অতিথিদের পরিবেশন করা হয় সিডনির ইননার ওয়েস্ট অঞ্চলের ব্রুয়ারি Willy the Boatman–এর বিশেষ ক্যানজাত বিয়ার। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের বিখ্যাত গান Signed, Sealed, Delivered (I’m Yours) বাজতে বাজতে নবদম্পতি অগ্রভাগে হাঁটেন। তাদের প্রথম নাচ ছিল ফ্র্যাঙ্ক সিনাত্রার The Way You Look Tonight গানে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নবদম্পতি অস্ট্রেলিয়াতেই হানিমুন করবেন এবং এর সব ব্যয় ব্যক্তিগতভাবে বহন করবেন আলবানিজ ও হেইডন।



