রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানান, ‘দুজন অভিজ্ঞ বার্ন (দগ্ধ) বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তুতি রয়েছে।’
এ দুর্ঘটনার পরদিনই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং ভারতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোকবার্তা প্রকাশ করে বলেন, ‘এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তার বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে, দুর্ঘটনায় আহতদের বেশিরভাগের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। এ অবস্থায় দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক, উন্নত যন্ত্রপাতি ও ওষুধের জরুরি প্রয়োজন রয়েছে। অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।



