আসন্ন বিপিএলের দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়োগ দিয়েছে—যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাবিলা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করে। পোস্টে মজার ভঙ্গিতে লেখা হয়, “ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!”
এর আগে নিলামের মাধ্যমে স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে দলে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস ও কুশল মেন্ডিস। নিলাম থেকে দলে ভেড়ানো হয়েছে জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) এবং হায়দার আলী (২৫ হাজার ডলার)।



