বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো নোয়াখালীর নামে একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি গঠনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
সায়ান গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কাগজপত্র তারা সম্পন্ন করেছে। লন্ডনপ্রবাসী এক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে মিরপুরে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সামনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তাদের মূল লক্ষ্য—নোয়াখালীকে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে উপস্থাপন করা এবং একটি শক্তিশালী ফ্যানবেজ তৈরি করা।
বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত নোয়াখালীর নামে কোনো দল ছিল না। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের মতো অঞ্চলগুলো নিয়মিত প্রতিনিধিত্ব করলেও নোয়াখালী সবসময় উপেক্ষিত থেকেছে। এবার সেই শূন্যতা পূরণের উদ্যোগ নিয়েছে সায়ান গ্লোবালস, যা ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যখন আনুষ্ঠানিকভাবে বিড আহ্বান বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হবে, তখন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছ ও পেশাদার প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল, তবে নানা বিতর্কও ঘিরে ছিল টুর্নামেন্টটি। তাই এবার বিসিবি চাইছে বিপিএলকে আরও পেশাদার ও স্বচ্ছভাবে আয়োজন করতে। সে দিক থেকে ‘নোয়াখালী রয়্যালস’-এর মতো নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করতে পারে।
বর্তমানে বিপিএলের পরবর্তী আসরের সময়সূচি চূড়ান্ত না হলেও, বিসিবির পরিচালনা পর্ষদে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য নতুন দল হিসেবে ‘নোয়াখালী রয়্যালস’ নামটি ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
এখন অপেক্ষা, সায়ান গ্লোবালের প্রস্তাব বাস্তবে রূপ নেয় কি না। তবে নোয়াখালীর মানুষ ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস—নিজ জেলার নামে একটি দল থাকলে সেটিই হয়ে উঠবে বিপিএলের ভবিষ্যৎ ‘ফ্যান ফেভারিট’।



