চাঁদপুরের মতলব উত্তরের ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া ফুটবলে অসাধারণ কলাকৌশল দেখিয়ে মুগ্ধ করেছে সবাইকে। মাত্র সাত বছর বয়সেই স্থানীয় মাঠ থেকে শুরু করে বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে—যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদু ছড়াচ্ছে সে। এই অল্প বয়সেই সোহানের প্রতিভা পৌঁছে গেছে বিকেএসপি পর্যন্ত। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে জানানো হয়েছে, সোহানকে দেওয়া হবে বিকেএসপির বিশেষ স্কলারশিপ। সেখানে তাকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “সোহানের ফুটবল খেলা সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যেন কোনো সীমাবদ্ধতায় থেমে না যায়, সে জন্য তার ও তার পরিবারের পাশে আমরা থাকব। উপজেলা ও জেলা প্রশাসন তার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সহায়তা করবে।”
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও জানিয়েছেন, সোহানের বয়স সাত পূর্ণ হলে বিকেএসপিতে তাকে আনুষ্ঠানিকভাবে ভর্তি করানো হবে। তিনি বলেন, “বিকেএসপিতে স্কলারশিপ পাওয়া সোহানের জন্য বিশাল সুযোগ। দেশের লুকিয়ে থাকা ফুটবল প্রতিভাদের খুঁজে বের করার এই উদ্যোগে সোহানই হতে যাচ্ছে অনুপ্রেরণার প্রথম নাম।”
চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচ আনী থেকে উঠে আসা সোহানের পরিবারও এখন নতুন আশার আলো দেখছে। স্থানীয় মাঠের মাটি পেরিয়ে বিকেএসপির ঘাসে পা রাখার পথে সোহানের যাত্রা শুরু হলো—যে যাত্রা হয়তো একদিন তাকে নিয়ে যাবে বাংলাদেশের ফুটবলের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে, হয়ে উঠবে দেশের ‘মেসি’।



