বাংলাদেশে শীতকাল মানেই পিঠা-পুলির উৎসব। শীতের ঠান্ডা আবহে ধোঁয়া ওঠা গরম পিঠার স্বাদ মন ও দেহকে মুহূর্তেই উষ্ণ করে তোলে। চারদিকে ভাপা পিঠার সুবাস ছড়িয়ে পড়ে, আর পরিবারের সবাইকে নিয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে পিঠা বানানোর আনন্দও আলাদা। বাইরের পিঠা না খেয়ে ঘরোয়া পরিবেশে গল্প করতে করতে নিজ হাতে তৈরি গরম পিঠা খাওয়ার মজাই অন্যরকম।
ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে—চালের গুঁড়া (১ কেজি), কোরানো নারকেল (১টা), কুচি করা গুড় (২৫০ গ্রাম), লবণ স্বাদমতো এবং প্রয়োজনমতো পানি। এছাড়া লাগবে পিঠা বানানোর বাটি, একটি পাতিল এবং একটি ছিদ্রযুক্ত ঢাকনা।
প্রথমে চালের গুঁড়া চালনিতে ঝরঝরে করে চেলে নিন। তারপর গুঁড়ায় অল্প পানি ছিটিয়ে এবং সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে মাখুন, তবে খেয়াল রাখবেন যাতে দলা না বাধে। এরপর একটি হাঁড়িতে অর্ধেক পানি নিয়ে উপরে ছিদ্রযুক্ত ঢাকনা বা নেট বসিয়ে কম আঁচে চুলায় দিন। পানি ফুটে উঠলে পিঠা বানানোর বাটিতে চালের গুঁড়া নিন, তার ওপর গুড় ও নারকেল দিন এবং আবার একটু চালের গুঁড়া ছড়িয়ে মিশ্রণটিকে ঢেকে দিন।
এরপর পাতলা সুতি কাপড় দিয়ে বাটির মুখ ঢেকে উল্টো করে ভাপের ওপর বসান। ২–৩ মিনিট ভাপে রাখলেই পিঠা তৈরি হয়ে যাবে। একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিন এবং চাইলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ঘরোয়া ভাপা পিঠা।



