
বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসীসহ বিভিন্ন ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দায়িত্ব হলো দেশটির করদাতাদের স্বার্থ সুরক্ষা করা এবং অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন তা নিশ্চিত করা। সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এবং সেই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।
এ প্রেক্ষাপটে, সরকারি কল্যাণ সুবিধার ওপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
স্থগিতাদেশটি কেবল অভিবাসী ভিসার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আওতায় পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সাময়িক স্থগিতাদেশের সময় ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এমন নীতিমালা প্রণয়নই লক্ষ্য, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
তবে এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে বা কবে থেকে পুনরায় ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে-এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
