শেষ ম্যাচে হারের পরও সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের দল। তবে মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় হার নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এবার সেই বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় কামরান দাবি করেন, পাকিস্তান জিতেছে ঠিকই, তবে বাংলাদেশের দেওয়া ‘সুযোগের’ কারণেই তারা জয় পেয়েছে। তার ভাষায়, “তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জয় পেয়েছে, কিন্তু আমি বলব—বাংলাদেশই তাদের জেতার সুযোগ করে দিয়েছে। আগের দুই ম্যাচে বাংলাদেশ যে দাপট দেখিয়েছে—একটিতে পাকিস্তানকে ১২৫ রানে, আরেকটিতে ১১০ রানে গুটিয়ে দিয়েছিল—তা দেখে মনে হচ্ছিল, এবার ধবলধোলাই নিশ্চিত।”
কামরানের মতে, সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় সারির খেলোয়াড়দের সুযোগ দেওয়াতেই পাকিস্তান ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ মনে করেছে, মূল লক্ষ্য পূরণ হয়েছে। এখন যারা বাইরে আছে, তাদের সুযোগ দেওয়া যাক। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান।”
বাংলাদেশ পুরো সিরিজেই একাদশে রোটেশন পলিসি অনুসরণ করেছে। এ নিয়েও সমালোচনা করেন কামরান আকমল। তার ভাষায়, “রোটেশন করা হয়েছে পাকিস্তানের সঙ্গে! আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে নয়। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এ নিয়ে বেশি কিছু না বললেও চলবে, শুধু ‘লজ্জা’ বললেই যথেষ্ট।”
পাকিস্তানের ব্যাটিং কম্বিনেশন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার মতে, প্রথম ম্যাচ থেকেই লেফট-রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের মিশ্রণ দরকার ছিল। ফখর জামান ও সাইম আয়ুবকে একসঙ্গে খেলিয়ে বাংলাদেশের স্পিনারদের কাজ সহজ করে দিয়েছে পাকিস্তান। কামরানের মতে, “শাহিবজাদা ফারহানকে খেলালে স্পিনাররা এতটা সফল হতো না।”
উল্লেখ্য, দ্বিতীয় টি-টোয়েন্টির পরও বাংলাদেশ দলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন কামরান। বিশেষ করে তাসকিন আহমেদকে বিশ্রামে পাঠানোর বিষয়টিকে ছোট দলের মানসিকতা বলেই মনে করেন তিনি। “বাংলাদেশের সেরা বোলারকে বসিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, পাকিস্তান এখন ছোট দল হিসেবেই বিবেচিত!”—এমনই মন্তব্য ছিল তার।



