বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি। এর আগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় দল ঢাকায় এসে পৌঁছাবে।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন ভারতের নতুন নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস। যদিও তার ম্যাচে খেলা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়ার ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ ছাড়াও ফিফা ও এএফসির আনুষ্ঠানিক অনুমোদনের ওপর। ৩২ বছর বয়সী রায়ান বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসিতে খেলছেন। এর আগে তিনি ইংলিশ ক্লাব ফুলহাম, পোর্টসমাউথ ও বার্নলিতে খেলেছেন। মায়ের দিক থেকে ভারতের নাগরিকত্ব থাকায় ভারতের হয়ে খেলার সুযোগ তৈরি হয় তার সামনে। যদিও বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের পক্ষেও খেলার সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি ভারতের পক্ষে খেলার সিদ্ধান্ত নেন।
ভারতের ঘোষিত স্কোয়াডে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।



