বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ উন্নয়নে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সই হওয়া প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ সম্পর্কিত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত, যেখানে বাংলাদেশের পক্ষে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে তোবগে ঢাকা পৌঁছান। সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের ফ্লাইটে আগমনের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস। ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান।
এরপর তাকে সালাম মঞ্চে নেয়া হলে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।



