বাংলা সিনেমাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
শাকিব খান বলেন, “বাংলা সিনেমা আজ সারা বিশ্বে সম্মানের সঙ্গে চলছে। আমাদের চলচ্চিত্র এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাচ্ছে। কিন্তু ঠিক এই সময়েই কিছু কুচক্রী মহল সফল বাংলা সিনেমাগুলোকে টার্গেট করে পাইরেসি করছে। এটি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, বরং দেশের সংস্কৃতির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “সেই জাতিই সবচেয়ে উন্নত, যারা সাংস্কৃতিকভাবে এগিয়ে যায়। আমরা যখন আমাদের সিনেমা ও কৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছি, তখনই একের পর এক সফল সিনেমা পাইরেসির শিকার হচ্ছে। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি, এবার ‘তাণ্ডব’ মুক্তির আগেই পাইরেসি হয়েছে।”
তবে পাইরেসির পরও দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘তাণ্ডব’ দেখছেন—এমনটি উল্লেখ করে তিনি দর্শক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ বিনোদন অঙ্গনের আরও অনেক গুণী ব্যক্তি।



