২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনার বিচার এখনো চলছে। এরই মধ্যে একাধিক হুমকির মুখেও পড়েছেন বলিউডের এই সুপারস্টার। এসবের মধ্যেই তিনি হারালেন প্রিয় বন্ধু সুশীল কুমারকে, যার সঙ্গে তাঁর ৪২ বছরের দীর্ঘ বন্ধুত্ব। বন্ধুকে বিদায় জানাতে নারাজ সালমান তাঁর নামের পাশে ‘প্রয়াত’ লিখতে রাজি নন। আবেগতাড়িত হয়ে তিনি লেখেন, সুশীল ছিলেন তাঁর দেখা অন্যতম দয়ালু ও সংবেদনশীল মানুষ, যিনি অর্থনৈতিক বা শারীরিক কষ্ট কখনো আমল দেননি। পাঁচ মিনিট আগেও মৃত্যুর সঙ্গে চ্যাম্পিয়নের মতো লড়াই করেছেন তিনি। একদিন সবাইকে যেতে হবে, কিন্তু বর্তমানকে বাঁচা উচিত—মন্তব্য করে সালমান বলেন, ‘এবার নিশ্চিন্তে নিজের সিগারেট ও হুইস্কি খাও।’
বন্ধুকে উদ্দেশ্য করে দীর্ঘ পোস্টে সালমান আফসোস করে লেখেন, ‘আমার তো সব ঠিকই চলছিল, তুই আমার লিভার ও কিডনিটা খারাপ করছিলি বেশ।’ হালকা মেজাজ কিংবা কঠিন সময়ে সুশীল সবসময় তাঁর সঙ্গী ছিলেন। বার্তায় কখনো হতাশ, কখনো ছদ্মরাগে ‘উঠে পড়ো’ বলেও লেখেন সালমান। তবে শেষ উপলব্ধি—কেউ যেতে চাইলে তাকে আটকাতে নেই।



