বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘনীভূত হচ্ছে। আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে গঠিত এই নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পদুচেরি ও আশপাশের উপকূলে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডির তথ্যমতে, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের প্রভাবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে নতুন নিম্নচাপটি তৈরি হয়। এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিক হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। আরবি উৎসের এই নামটি প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।
সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে রূপ নিলে ‘সেনিয়ার’-এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এটি আন্দামান–নিকোবর অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ ও অন্ধ্র প্রদেশের উপকূলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আইএমডি।



