ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন একটি পেমেন্ট সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে। তবে সুবিধাটি এখনো সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা অনেকটাই কমবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হতে পারে।
সম্প্রতি কয়েকজন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে মেটার Ads Manager-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে। তবে বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল তুলনামূলকভাবে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
তবে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এই সুবিধা কবে সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



