দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই চেনা রূপে ধরা দিলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৭ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস খেলে তুলে নিলেন দুর্দান্ত এক ফিফটি, যেন জানিয়ে দিলেন—পুরনো সেই সাকিব এখনও আছেন।
প্রথমে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালসকে ভালো সূচনা এনে দেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অটল। মাত্র ২৫ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপর মধ্যবর্তী ওভারে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দল, তখন দৃঢ়তা ও অভিজ্ঞতার প্রতীক হয়ে ক্রিজে হাজির হন সাকিব।
ইনিংসের শুরুতেই আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে প্রথম বলেই চার হাঁকান সাকিব। এরপর দেখেশুনে খেলে, ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে নিজের অভিজ্ঞতা ও ছন্দের সাক্ষর রাখেন। ৩৪ বলে অর্ধশতক তুলে নেন, ইনিংস শেষে ৬টি চারের সঙ্গে ১টি ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে। তার ব্যাটিং ভর করেই নির্ধারিত ২০ ওভারে দুবাই ক্যাপিটালস সংগ্রহ করে ১৬৫/৭।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন সাকিব, তবে এই ইনিংস আবারও প্রমাণ করল—বড় মঞ্চে এখনো তিনি বড় তারকাই। দলের দুঃসময়ে যেভাবে তিনি ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন, তা নিঃসন্দেহে ছিল অনন্য।
সংক্ষিপ্ত স্কোর:
দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭ (২০ ওভার)
সেদিকউল্লাহ ৪১ (২৫ বল), সাকিব আল হাসান ৫৮* (৩৭ বল), বোটান ২০
আঙ্গুস ৩/২৭



