জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘বিগ বস ১৯’-এর নতুন টিজার। এবারকার থিম— ‘ঘরওয়ালো কি সরকার’, অর্থাৎ বাড়ির সিদ্ধান্ত এবার শুধু বিগ বস নন, বরং সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে নেওয়া হবে। এই নতুন ধারণা শো-টিতে নতুন উত্তেজনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সালমান খান, যিনি বরাবরের মতো এবারও সঞ্চালকের ভূমিকায় থাকছেন, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করেন। টিজারে দেখা যায়, তিনি এক রাজনীতিবিদের পোশাকে বলছেন, “বন্ধু এবং শত্রুরা প্রস্তুত হও, কারণ এবার গঠিত হবে বাড়ির লোকদের সরকার।”
‘বিগ বস ১৯’ শুরু হবে ২৪ আগস্ট থেকে, জিও হটস্টার ও কালারস টিভিতে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। যদিও এখনো চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা প্রকাশ হয়নি, তবে গুঞ্জন রয়েছে, ছোট পর্দার তারকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাস্তব জীবনের কিছু দম্পতির দেখা মিলবে এবার।
এবারের মৌসুমের থিম ‘রিওয়াইন্ড’, অর্থাৎ পুরোনো ‘বিগ বস’-এর কিছু আইকনিক উপাদান যেমন সিক্রেট রুম, খাবার-পানীয় নিয়ে টাস্ক এবং মনোনয়ন পদ্ধতি ফিরিয়ে আনা হবে। দর্শকরা এবার সরাসরি মনোনয়নের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং প্রতিযোগীদের উচ্ছেদেও বড় ধরনের পরিবর্তন আসবে।



