আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবলপ্রেমীদের উন্মাদনাকে কাজে লাগাতে নিত্যনতুন উদ্যোগ নিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মাঠের খেলা উপভোগের পাশাপাশি পর্দার সামনে থেকে খেলা দেখা দর্শকদের জন্যও এলো বড় সুখবর।
সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ চুক্তি করেছে ফিফা। এই চুক্তির অধীনে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট ইউটিউবে সম্প্রচার করা হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে ম্যাচের শুরুর ১০ মিনিট টিজার হিসেবে কাজ করবে, যা তরুণ দর্শকদের আগ্রহ বাড়িয়ে পরে টেলিভিশনের মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে।
ফিফা জানিয়েছে, সম্প্রচার স্বত্বধারীরা নির্দিষ্ট কিছু ম্যাচ তাদের ইউটিউব চ্যানেলে দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের সঙ্গে সংযোগ তৈরি হবে এবং পরবর্তী ম্যাচ কবে-কোথায় দেখানো হবে সে সম্পর্কেও ধারণা পাবেন দর্শকরা। ঠিক কত টাকায় এই চুক্তি হয়েছে তা প্রকাশ না করলেও ফিফা প্রতিশ্রুতি দিয়েছে, নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ শেয়ার করা হবে, যেখানে থাকবে অতীতের ম্যাচ ও ফুটবল ইতিহাসের স্মরণীয় সব মুহূর্ত।
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপেও ইউটিউব ছিল ফিফার নিম্নস্তরের স্পন্সর। সেবার ক্রিয়েটররা মাঠে উপস্থিত থেকে নেপথ্যের মুহূর্ত ধারণ করেছিল এবং কন্টেন্ট নির্মাতাদের ব্যাপক অনুমোদন দেওয়া হয়েছিল। এবারের উদ্যোগকে ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হিসেবেই দেখছেন অনেকে।



