ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও আলাদা র্যাংকিং প্রকাশ করে থাকে। শুক্রবার প্রকাশিত সবশেষ ফুটসাল র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর বাংলাদেশ নারী ফুটসাল দল এক ধাপ পিছিয়ে নেমে এসেছে ৪৪তম স্থানে। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।
সাম্প্রতিক সময়ে ফুটসালের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে। অনেক দেশ ইতোমধ্যে এই খেলায় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশেও গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটসালে। প্রথমবারের মতো গঠিত হয়েছে পুরুষ ফুটসাল দল, যেখানে ইরান থেকে কোচ নিয়েছে ফেডারেশন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় বাংলাদেশ পুরুষ ফুটসাল দল ফিফার র্যাংকিংয়ের বাইরে রয়েছে।
২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটসালে সরাসরি অংশ নেয় বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্টে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরে যায় দলটি। সেটিই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক আসর।
নতুন র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে স্পেন (২) ও পর্তুগাল (৩)। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে থাইল্যান্ড ও জাপান। ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা। সেরা দশে আরও আছে ইতালি (৭), কলম্বিয়া (৮), ইরান (৯) ও রাশিয়া (১০)।



