ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা এখন সীমান্ত ছাড়িয়ে পৌঁছেছে পাকিস্তানেও। গত বছর দেশটিতে তার ছবি ‘তুফান’ মুক্তির পর থেকেই পাকিস্তানি দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। উর্দু ডাবিং করা ছবিটি পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই শাকিবকে ঘিরে আলোচনা শুরু হয় এবং ধীরে ধীরে বাড়তে থাকে তার জনপ্রিয়তা।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শাকিবের নাম ছড়িয়ে পড়েছে আরও দ্রুত। তার নতুন ছবির ঘোষণা আসার পর পাকিস্তানি ভক্তদের অনেকে চাইছেন—নায়কের বিপরীতে যেন এবার দেখা যায় তাদের দেশীয় কোনো অভিনেত্রীকে।
সম্প্রতি পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রশিদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, লুক, স্টারডমসহ মোট ১০টি বিষয়ে দেওয়া হয় প্রশ্ন। ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টিতেই এগিয়ে আছেন শাকিব খান। ভিডিওটির নিচে অনেক পাকিস্তানি দর্শক মন্তব্য করেছেন—“তিনি শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার।” বাংলাদেশি ভক্তেরাও সেখানে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।
গত ১ নভেম্বর লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় মুক্তি পায় শাকিবের ‘তুফান’। সে সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। সব মিলিয়ে পাকিস্তানেও ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন ঢালিউডের ‘কিং খান’ শাকিব।



