প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে ভয়াবহ প্রতিহিংসার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতে। প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় ক্ষোভে তার স্ত্রীকে এইচআইভি সংক্রমিত রক্ত ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ঘটে, যা ইতোমধ্যে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীর নাম বোয়া বসুন্ধরা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক প্রেমিক অন্য নারীকে বিয়ে করলে প্রতিশোধ নিতে ভয়ংকর পরিকল্পনা করেন তিনি। অভিযোগ অনুযায়ী, একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স কোঙ্গে জ্যোতির সহায়তায় এইচআইভি আক্রান্ত এক নারীর রক্ত সংগ্রহ করেন বসুন্ধরা। এরপর পরিকল্পিতভাবে প্রেমিকের স্ত্রীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ঘটনার দিন ৯ জানুয়ারি স্কুটারে করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রীকে উদ্দেশ্য করে একটি সাজানো সড়ক দুর্ঘটনা ঘটানো হয়। দুর্ঘটনায় আহত ওই নারীকে সাহায্যের ভান করে এগিয়ে এসে সুযোগ বুঝে তার শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত নারী বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার স্বামীকে, যিনি একজন চিকিৎসক, ফোন করে জানান। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত বসুন্ধরা, নার্স কোঙ্গে জ্যোতি ও জ্যোতির দুই সন্তানসহ মোট চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুতর ও মানবতাবিরোধী অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে অনেকে এমন নৃশংস প্রতিহিংসার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

