প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এলে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই তাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন—নিজের ব্যবহারের হ্যান্ডসেটসহ অতিরিক্ত দুটি নতুন ফোন। চতুর্থ ফোনের ক্ষেত্রে কর দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ট্যাক্স ছাড়া আনতে পারবেন; তবে ফোন ক্রয়ের বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
সভায় স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে বৈধ আমদানিকৃত মোবাইল ফোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মোবাইল ফোন আমদানিতে শুল্কহার প্রায় ৬১ শতাংশ, যা কমাতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এ ছাড়া সভায় বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আগত ফ্লাইটগুলো শনাক্ত করে বিমানবন্দর এবং স্থলবন্দরে কাস্টমস অভিযান জোরদার করা হবে। কেসিং পরিবর্তন করে ইলেকট্রনিক বর্জ্য দেশে ঢোকানোর যে অবৈধ বাণিজ্য চালু হয়েছিল, তা কঠোরভাবে দমন করার উদ্যোগ নেওয়া হয়েছে।



