তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। এবারই প্রথম তারা ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান—জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন। ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আবেগঘন ও জীবন্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি। দুজনেরই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়।
শাহরুখ খানের জন্য এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে তিনি ৩০ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে ১৪ বার পুরস্কার জিতেছেন। সেরা অভিনেতা বিভাগে ৮ বার জিতে কিংবদন্তি দিলীপ কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চবার জয়ের রেকর্ড গড়েছেন তিনি। শুধু বলিউড নয়, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত—ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ এবং ‘লিজিয়ন অব অনার’-এর মতো মর্যাদাপূর্ণ পদক দিয়েছে।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখের। এরপর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ অসংখ্য কালজয়ী সিনেমায় তিনি অনন্য নজির গড়েছেন।
এদিকে, রানিও তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন। বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় মাতৃত্ব, সংগ্রাম ও আবেগের মেলবন্ধনে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি। ১৯৯৬ সালে বাংলা ছবি ‘বিয়ের ফুল’-এ প্রথম অভিনয় করার পর একই বছর বলিউডে ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমা দিয়ে পথচলা শুরু করেন রানি।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটিও তার প্রথম জাতীয় পুরস্কার। অন্যদিকে, ‘জওয়ান’ সিনেমার গান ‘চালিয়া’তে কণ্ঠ দেওয়ার জন্য শিল্পা রাও পেয়েছেন সেরা নারী প্লেব্যাক গায়িকা পুরস্কার। এছাড়া সুদীপ্ত সেন, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।



