সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আজ শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলারদের বরণ করে নিতে ভিড় করেন ভক্ত-সমর্থকরা। তাদের জন্য আয়োজন করা হয় ছাদখোলা বাসের সংবর্ধনা। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাবে বাসটি। নারী ফুটবল দলকে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলেও ছেলেদের দল এই প্রথম এই সম্মান পেল।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “এই দলটি ভবিষ্যতে মূল জাতীয় দলে খেলার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্রীড়াবান্ধব, আমরা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাব।”
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূন্য।



