দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রচিত হতে যাচ্ছে ইতিহাস। এশিয়া কাপের দীর্ঘ চার দশকের যাত্রায় এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে হতে যাচ্ছে এই মহারণ।
এশিয়া কাপের সূচনা হয়েছিল ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে শিরোপা জেতে ভারত। এরপর একাধিকবার দুই দল ফাইনালে খেললেও কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম ফাইনালে লড়ছে ভারত ও পাকিস্তান।
ফাইনালের ইতিহাসে পাকিস্তান পৌঁছেছে পাঁচবার, তবে শিরোপা জিতেছে মাত্র দু’বার—২০০০ ও ২০১২ সালে। অন্যদিকে ভারত খেলেছে সর্বোচ্চ ১১টি ফাইনাল এবং রেকর্ড আটবার শিরোপা জয় করেছে।
২০২৫ সালের আসরে ভারত এখনো অপরাজিত। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনাল। অন্যদিকে পাকিস্তান ভারত ম্যাচে হার দিয়ে শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।
সব মিলিয়ে আসছে রোববারের ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। কোটি কোটি দর্শকের চোখ থাকবে দুবাইয়ের দিকে—কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?



