মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ডের জন্ম দেন লিওনেল মেসি। সম্প্রতি ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ ব্যবধানে জয়ী ম্যাচে জোড়া গোল করে এমএলএস ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। মেসি হয়েছেন প্রথম খেলোয়াড়, যিনি টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়লেন।
এই দুর্দান্ত ফর্মে মেসির প্রশংসায় পঞ্চমুখ তার সাবেক সতীর্থ ও বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্স আমাদের শেখায় কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্যারিয়ারের এই পর্যায়ের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।”
তবে কোচ হিসেবে মেসির শারীরিক ফিটনেস এবং বিশ্রামের দিকেও নজর রাখছেন মাশ্চেরানো। তিনি বলেন, “প্রতিদিনই আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের বিস্মিত করে।”
মাশ্চেরানো একইসঙ্গে লুইস সুয়ারেজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যে খেলোয়াড় ৫০০টির বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা অনুচিত। সুয়ারেজের অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি সবসময়ই তাদের সমর্থন দেব।”
তিনি আরও যোগ করেন, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচ সময়ও ম্যানেজ করা হচ্ছে। “আমরা তাকে আগে তুলে নেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু তখন উপযুক্ত সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে নিয়ন্ত্রণ করব।”
মেসির ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। এ তালিকায় মেসির উপরে রয়েছেন কেবল দুইজন—পেলে (৭০) ও জুনিনহো পারনামবুকানো (৭৭)।
বর্তমানে ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে, ৩৮ পয়েন্ট সংগ্রহ করে। তাদের হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। আগামী বুধবার ফিসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে নামা দলটির কেন্দ্রবিন্দুতে এবারও মেসি থাকবেন কি না—সেটিই এখন সবার কৌতূহলের বিষয়।



