আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তফসিল ঘোষণার দিন থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকায় অনুপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই সময়ের মধ্যে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে বিদেশ থেকে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ নিতে ইতোমধ্যে ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে।



