পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সাড়া জাগানো এই বাংলাদেশি পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারের মতো কিংবদন্তিদের দেশে মাত্র কয়েক ম্যাচ খেলেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে গতির ঝড় তোলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে টি-টোয়েন্টি সিরিজে রানাকে বিশ্রাম দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে জালমির মালিক তাকে উড়িয়ে নিয়ে যান, আর বাকিটা ইতিহাস।
গতকাল রোববার (৩ মে) পিএসএলের ফাইনালে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি। ফাইনালে দারুণ বোলিংয়ে জালমির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি বিপজ্জনক গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে বিদায় করার পাশাপাশি হুনাইন শাহ্কেও আউট করেন। এই পারফরম্যান্স তাকে এনে দেয় ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। গতকাল রাতের জাদুকরী বোলিংয়ের পর আজ (৪ মে) বিকেলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা।
প্রসঙ্গত, পিএসএলের এই ফাইনালে খেলার কথা ছিল না এই বাংলাদেশির। নিউজিল্যান্ড সিরিজের পর জালমির স্কোয়াডে আর যোগ দেওয়ার কথা না থাকলেও ফাইনালের আগে তাকে উড়িয়ে নিয়ে যায় ফ্র্যাঞ্চাইজি। সে সিদ্ধান্তের মর্যাদা রাখেন বাংলাদেশের এই স্পিডস্টার। ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দলের পাশাপাশি ম্যাচের সবচেয়ে কিপটে বোলার হন রানা—অন্যদের ওভারপ্রতি ৫.৫০ রানের চেয়েও কম খরচায় বোলিং করেন। সব মিলিয়ে এবারের পিএসএলে মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেন নাহিদ রানা।



