ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করে তিনি এখন ভারতের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০১৪ সালের মে মাসে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন মোদি। টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থেকে তিনি ভেঙে দিয়েছেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী নেহরুর দীর্ঘদিনের রেকর্ড।
নতুন এই অর্জনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বলেন, এই মাইলফলক শুধু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ভিডিও বার্তায় মোদিকে ‘নেতৃত্বের আদর্শ ও অনুকরণীয় উদাহরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মোদির নেতৃত্বে ২০ কোটির বেশি ভারতীয় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার বলেন, মোদির নেতৃত্বে ভারত বৈশ্বিক নানা বিষয়ে অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ পটভূমি থেকে উঠে এসে ১৪০ কোটিরও বেশি মানুষের দেশকে টানা তিন মেয়াদে নেতৃত্ব দেওয়ার যাত্রা বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উদাহরণ। ঐতিহাসিক এই মাইলফলকের পর মোদির তৃতীয় মেয়াদের বাকি সময় ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রযাত্রার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।



