বাংলাদেশ নারী ফুটসাল দলের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের দল। সোমবার ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল–সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র পাওয়া বাংলাদেশ এদিনও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে সাবিনারা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল। পাঁচ মিনিট পর, ১৯ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
২–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় তারা। লিপি আক্তারের নান্দনিক গোলে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি এবং জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচজুড়ে দারুণ দৃঢ়তায় গোলপোস্ট আগলে রেখে বাংলাদেশের ক্লিন শিট নিশ্চিত করেন।
সাত দলের এই টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল দলটি। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩–১ গোলে পিছিয়ে পড়েও লড়াকু মনোভাব দেখিয়ে ৩–৩ গোলের ড্র আদায় করে নেয় সাবিনারা। নেপালের বিপক্ষে জয় পাওয়ায় টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকলো বাংলাদেশ।



