আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে না পারা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত জনস্বার্থে প্রচারিত বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd এবং ইউটিউব চ্যানেল @BangladeshECS অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীদের জন্য এবারই প্রথম পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করা হচ্ছে। যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধন করবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে এবং সেদিনই নিবন্ধনের সময়সীমা ঘোষণা করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে বসবাসকারী লাখো বাংলাদেশির অন্যতম নাগরিক অধিকার—ভোটাধিকার—প্রথমবারের মতো কার্যকরভাবে নিশ্চিত হতে যাচ্ছে।



