বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে আলো ছড়াচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ঘরের মাঠে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই পেসার।
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সব সময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই অনুভূতিটা অনেক আনন্দের।’ বাংলাদেশে এই প্রথম পাঁচ উইকেট পেলেও এর আগে বিদেশের মাটিতে আরও চারবার এই কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী পেসার।
নিজের বোলিং পরিকল্পনা সম্পর্কে হাসান বলেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সব সময়ই স্পেশাল। আমি জিনিসগুলো খুব সহজ রাখার চেষ্টা করি। কন্ডিশন যেমনই হোক, দলের চাওয়া অনুযায়ী বোলিং করা এবং ডিসিপ্লিন ধরে রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
সিলেটের উইকেট সাধারণত পেসারদের জন্য সহায়ক হলেও এবারের টেস্টে প্রথম এক-দুই ঘণ্টার পর পিচ অনেকটাই ব্যাটিংবান্ধব হয়ে উঠেছিল বলে জানান হাসান। তাঁর ভাষায়, ‘সিলেটের উইকেটে আমরা যখন খেলেছি, মুভমেন্ট থাকে, আকাশ মেঘলা থাকে। বেশিরভাগ সময় ফাস্ট বোলারদের পক্ষেই থাকে কন্ডিশন। কিন্তু এই উইকেটটা সম্ভবত প্রথম এক-দুই ঘণ্টা পর খুবই ফ্ল্যাট হয়ে গিয়েছিল, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি। তবে আমি আর তাসকিন ভাই চেষ্টা করেছি লাইন মেইনটেইন করে বল করার এবং কনসিস্টেন্সি বজায় রাখার।’
তবে হাসানের ব্যক্তিগত সাফল্যের দিনটি বাংলাদেশের জন্য হতাশার হয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে এখনো ২৬৮ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।



