বিভিন্ন শারীরিক জটিলতার কারণে নাক ডাকার সমস্যা দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে গভীর ও স্বস্তিদায়ক ঘুমের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা ও এর চিকিৎসা নিয়ে সচেতনতা বাড়াতে স্লিপ সোসাইটির উদ্যোগে নাক ডাকার চিকিৎসাবিষয়ক একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এবং নাক ডাকার কারণ, ঝুঁকি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষজ্ঞরা জানান, অধিকাংশ ক্ষেত্রে নাক ডাকার সমস্যা গুরুতর নয় এবং সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে সহজেই এর সমাধান সম্ভব। তবে কারো ক্ষেত্রে যদি নাক ডাকা দীর্ঘমেয়াদি বা গুরুতর আকার ধারণ করে, সে ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তারা।
সম্মেলনে নাক ডাকা প্রতিকারে আধুনিক ও প্রচলিত চিকিৎসা পদ্ধতি, লাইফস্টাইল পরিবর্তন এবং ঘুমের স্বাস্থ্যকর অভ্যাস নিয়েও আলোচনা করা হয়। উল্লেখ্য, গত এক দশক ধরে নিয়মিতভাবে এ ধরনের সম্মেলনের আয়োজন করে আসছে স্লিপ সোসাইটি, যা দীর্ঘদিন ধরে ঘুম ও ঘুমসংক্রান্ত রোগ নিয়ে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।



