ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন। তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি অর্জন করেছেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি আসরেই গোল করেছেন এই পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে তিনি এই ঐতিহাসিক গোলটি করেন। এর আগে বিশ্বকাপের ইতিহাসে কখনোই কোনো খেলোয়াড় ছয়টি ভিন্ন আসরে গোল করতে পারেননি। রোনালদোর পরে পাঁচটি বিশ্বকাপে গোলের রেকর্ড শুধুমাত্র তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির রয়েছে।
২০০৬ সালের ইরানের বিপক্ষে গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলখাতা খোলেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ সালেও একটি করে গোল করেন তিনি। তবে তার বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসরটি ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ, যেখানে স্পেনের বিপক্ষে তিনি দুর্দান্ত হ্যাটট্রিক করেন—যা তার বিশ্বকাপ ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক। ওই আসরে মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।



