বলিউড কিং শাহরুখ খান–এর নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মাণ হতে চলেছে একটি অত্যাধুনিক বিলাসবহুল টাওয়ার। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে এই টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। আরব আমিরাতের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দানিয়ুব গ্রুপ ভবনটি নির্মাণ করছে, এবং উদ্বোধনী আয়োজনে স্বয়ং উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে দানিয়ুব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান শাহরুখের প্রশংসা করে তাকে ‘বিশ্বব্যাপী প্রভাবশালী তারকা’ হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধন উপলক্ষে শাহরুখ খান জানান, “এটা সত্যিই আমার জন্য বড় এক সম্মান। যখন আমি আমার সন্তানদের দুবাই নিয়ে যাব, তখন বলতে পারব— দেখো, এটা বাবার বিল্ডিং! যদিও বিল্ডিংটি রিজওয়ান ভাইয়ের, কিন্তু নাম তো আমারই।”
৫৬ তলা বিশিষ্ট ‘ShahRukh’s Danube Tower’ মূলত দানিয়ুব প্রপার্টিসের নতুন আবাসন প্রকল্প, যার নির্মাণ সম্পন্ন হতে লাগবে ৩ থেকে ৪ বছর। ভবনের প্রবেশদ্বারে স্থাপন করা হবে শাহরুখের দুই হাত প্রসারিত করে দাঁড়ানো আইকনিক ভঙ্গির বিশাল মূর্তি, যা পুরো টাওয়ারকে করে তুলবে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ও ‘ইনস্টা-ফেভারিট’।
দুবাইতে নতুনভাবে জীবন শুরু করতে আগ্রহী মধ্যবিত্ত ভারতীয় ও দক্ষিণ এশীয় বাসিন্দাদের জন্য ‘অ্যাফোর্ডেবল কিন্তু প্রিমিয়াম’ মানের আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই টাওয়ার নির্মাণ করা হচ্ছে।



