দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম সোনায় মোড়ানো সড়ক। সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো এমন এক অভিনব উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড ডিস্ট্রিক্ট এলাকায় গড়ে তোলা হবে ‘গোল্ড স্ট্রিট’। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুবাই মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুবাইভিত্তিক আবাসন প্রতিষ্ঠান ইথরা এই ব্যতিক্রমী প্রকল্পের ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটির নির্মাণশৈলী, নকশা এবং ব্যবহৃত উপকরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, এই সড়কটি শুধু অবকাঠামোগত নয়, বরং পর্যটন ও ব্র্যান্ডিংয়ের দিক থেকেও দুবাইয়ের জন্য একটি আইকনিক পরিচয়ে পরিণত হবে।
বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। এই খাতে আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হয়।
স্বর্ণ বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই দুবাইয়ে গড়ে তোলা হচ্ছে গোল্ড ডিস্ট্রিক্ট, যাকে ‘নতুন হোম অব গোল্ড’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই অঞ্চলে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট পাইকারি ও খুচরা ব্যবসা, পাশাপাশি বিনিয়োগের সুযোগ এক ছাতার নিচে পাওয়া যাবে। গোল্ড স্ট্রিট প্রকল্পটি বাস্তবায়িত হলে তা বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যে দুবাইয়ের আধিপত্য আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



