
দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় আঘাত হানতে পারে।
একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১৫ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
অপ্রয়োজনীয় নৌযাত্রা এড়িয়ে চলা এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
