ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তেলজাত পণ্যের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়াতে পারে বলে সতর্ক করেছে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি।
মঙ্গলবার (১০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল ও তেলজাত পণ্যের সরবরাহ বিশ্ববাজারে কমে গেছে। অথচ এ অঞ্চলের দেশগুলো মিলিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তরল জ্বালানি উৎপাদন করে। এর মধ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল রপ্তানি হওয়ায় সেই পরিমাণ সরবরাহ কার্যত বিশ্ববাজার থেকে কমে গেছে।
বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেলের চাহিদা রয়েছে। এই চাহিদা ও সরবরাহের ভারসাম্য ফিরিয়ে আনতে হলে হয় চাহিদা কমতে হবে, নয়তো দাম বাড়তে হবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যারেলপ্রতি কমপক্ষে ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সে ক্ষেত্রে ২০২৬ সালের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্তও পৌঁছাতে পারে। এতে বিশেষ করে ইউরোপ বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। কারণ উপসাগরীয় অঞ্চলের শোধনাগারগুলো ইউরোপের প্রায় ৬০ শতাংশ উড়োজাহাজের জ্বালানি এবং ৩০ শতাংশ ডিজেল সরবরাহ করে থাকে।



