বিপিএলের সবশেষ দুই আসরে মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে অফ দ্য ফিল্ড ব্যবস্থাপনা—সব দিক থেকেই নজর কেড়েছিল ফরচুন বরিশাল। নামিদামি দেশি-বিদেশি ক্রিকেটার দলে টেনে যেমন চমক দেখিয়েছে, তেমনই গড়ে তুলেছিল বিশাল সমর্থকগোষ্ঠী। তবে আসন্ন বিপিএল মৌসুমে আর দেখা যাবে না এই ফ্র্যাঞ্চাইজিটিকে। তাদের জায়গায় বরিশালের মালিকানায় আগ্রহ দেখিয়েছে নতুন প্রতিষ্ঠান আকাবাড়ি হলিডেজ।
প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানিয়েছেন, বরিশালের ঐতিহ্য ধরে রাখতে এবং শক্ত দল গড়তেই তারা এগিয়ে আসছেন। তারকা ওপেনার তামিম ইকবালকে দলে নেওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেছেন তিনি। বিপিএলের গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম এবং দলকে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩ সালে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। পরের বছরও ব্যাট হাতে ধারাবাহিক থেকে করেন ৪১৩ রান।
তামিমের বিষয়ে কামাল তালুকদার বলেন, “তামিম ভাই বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। অবশ্যই আমরা তাকে নক করব। তিনি রাজি থাকলে তাকে দলে ভেড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও জানান, মালিকানা নিশ্চিত হলে ফরচুন বরিশালের ধারা ধরে রেখে তারকাবহুল দল গড়তে চান তারা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, কোচিং স্টাফ—সবক্ষেত্রেই আকর্ষণীয় নাম আনার পরিকল্পনার কথা জানান তিনি। “যদি আমরা দল পাই, ইনশাআল্লাহ চমক দেখবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশ থেকে ভালো বিদেশি ক্রিকেটার আনা হবে।”
বরিশালের ক্রিকেট প্রেমীদের মধ্যে এই ঘোষণা নতুন করে উত্তেজনা ও প্রত্যাশা তৈরি করেছে, বিশেষত তামিম ইকবালকে আবারও বরিশালের জার্সিতে দেখার সম্ভাবনায়।



