রাজধানী ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও সড়কে বিশৃঙ্খলা দূর করতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ক্যামেরার পর এবার ড্রোন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে একটি ড্রোন দিয়ে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার (গুলিস্তান) এবং বাহাদুর শাহ পার্কের মতো স্থানগুলোতে প্রায়ই যানজটের প্রকৃত কারণ চিহ্নিত করতে দেরি হয়, যা এখন ড্রোন দিয়ে দ্রুত পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, ড্রোনে স্পিকার ও ভয়েস মেসেজিং সিস্টেম যুক্ত থাকবে। এর মাধ্যমে যেখানে সেখানে নিয়মবহির্ভূতভাবে বাস থামানো বা রাস্তা ব্লক করা চালকদের সরাসরি স্পিকারে সতর্কবার্তা প্রদান করা যাবে (যেমন: “আপনি যানজট তৈরি করছেন, দ্রুত সরে যান”)। পাশাপাশি ভবিষ্যতে এটিতে অটোমেটেড নম্বর প্লেট রিডার (ANPR) প্রযুক্তি যুক্ত করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত করে ভিডিও কেস বা মামলা দেওয়া হবে। তবে ভুলত্রুটি ও নিরপরাধ মানুষের হয়রানি এড়াতে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় মামলা না দিয়ে ফুটেজ ম্যানুয়ালি রিভিউ করেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে একটি সংস্থা থেকে একটি ড্রোন সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চলছে। চালনার জন্য ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহে উত্তরা বিভাগের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে। ইন্টারনেট ও সার্ভারভিত্তিক এই আধুনিক ড্রোন প্রযুক্তি ট্রাফিক সিগন্যাল মনিটরিং নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল করতে বড় ভূমিকা রাখবে



