আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হওয়া কনসার্টটি পুনরায় আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর তারা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনবেন। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। যারা তাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেছেন, ২৪ জুলাই তারা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চান।
আয়োজকরা আরও জানিয়েছেন, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে। এদিকে আতিফ আসলাম তার ফেসবুকে নিশ্চিত করেছেন যে রাজধানী ঢাকায় ২৪ জুলাই তার এই কনসার্ট অনুষ্ঠিত হবে এবং পূর্বাচল ৩শ ফিট এলাকায় এই আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে।



