প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের উদীয়মান ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং, ওষুধ সরবরাহ, ফার্মেসি নেটওয়ার্ক, বিনামূল্যের রক্তদাতা সংযোগ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা একত্রে প্রদান করে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্বল্প সময়ের মধ্যেই প্ল্যাটফর্মটি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ হাজারেরও বেশি।
অল সমাধানের সঙ্গে বর্তমানে ৭৫০টির বেশি পার্টনার ফার্মেসি, ৩৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী রক্তদাতা যুক্ত রয়েছেন। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ নতুন ব্যবহারকারী অ্যাপে নিবন্ধিত হচ্ছেন এবং ৩০ থেকে ৩৫টি নতুন ফার্মেসি অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। এই দ্রুত প্রবৃদ্ধি ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রতি মানুষের বাড়তে থাকা আস্থা ও প্রয়োজনীয়তারই প্রতিফলন।
বাংলাদেশে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাওয়া, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা কিংবা দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া অনেক সময়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অল সমাধান প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যার সমন্বিত সমাধান দিতে কাজ করছে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে নিকটস্থ পার্টনার ফার্মেসিতে প্রেসক্রিপশন পাঠিয়ে ওষুধ অর্ডার করতে পারেন, প্রয়োজন অনুযায়ী দ্রুত অ্যাম্বুলেন্স বুক করতে পারেন এবং রক্তের গ্রুপ অনুযায়ী স্বেচ্ছাসেবী রক্তদাতার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে পারেন।
প্রতিষ্ঠানটির অন্যতম মানবিক উদ্যোগ হলো সম্পূর্ণ বিনামূল্যের রক্তদাতা সংযোগ সেবা। এই সেবার জন্য রোগী, স্বজন বা রক্তদাতার কাছ থেকে কোনো ধরনের ফি বা চার্জ নেওয়া হয় না। মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এই উদ্যোগ জরুরি মুহূর্তে রক্তদাতা খুঁজে পেতে অসংখ্য মানুষকে সহায়তা করছে।
ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করতে অল সমাধান সারাদেশে একটি শক্তিশালী ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তুলেছে। বর্তমানে ৭৫০টির বেশি ফার্মেসি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে। অংশীদার ফার্মেসিগুলোকে অ্যাপ ব্যবহারের সুবিধা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং এবং গ্রাহকসংখ্যা বৃদ্ধির বিভিন্ন সহায়তাও প্রদান করা হচ্ছে। এর ফলে স্থানীয় ফার্মেসিগুলো যেমন ব্যবসায়িকভাবে উপকৃত হচ্ছে, তেমনি সাধারণ মানুষও দ্রুত ও সহজে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারছেন।
অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও অল সমাধান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে ৩৫০টির বেশি অ্যাম্বুলেন্স তাদের নেটওয়ার্কের আওতায় রয়েছে। জরুরি সময়ে রোগী ও অ্যাম্বুলেন্সের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের মাধ্যমে মূল্যবান সময় বাঁচাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দুটি অ্যাম্বুলেন্স সেবা বুথ চালু করা হয়েছে, যেখানে রোগী ও স্বজনরা দ্রুত অ্যাম্বুলেন্স বুকিং এবং তথ্যসেবা পাচ্ছেন।
স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অল সমাধান। ডেলিভারি পার্টনার হিসেবে যুক্ত হয়ে দেশের অনেক তরুণ নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, বেকার যুবক এবং খণ্ডকালীন কর্মসংস্থানে আগ্রহীদের জন্য এটি একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে। নিজস্ব মোটরসাইকেল বা সাইকেল ব্যবহার করে স্বাস্থ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দিয়ে তারা আয় করতে পারছেন, যা একদিকে গ্রাহকসেবা নিশ্চিত করছে, অন্যদিকে তরুণদের স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি করছে।
এছাড়া ‘মাই হেল্থ’ (My Health)-এর সহযোগিতায় অল সমাধান প্ল্যাটফর্মে নার্সিং কেয়ার, ফিজিওথেরাপি, কেয়ারগিভার সেবা এবং চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা যুক্ত করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগী এবং বাসাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রয়োজন এমন রোগীদের জন্য এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অল সমাধান কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেবা সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি ফার্মেসি, অ্যাম্বুলেন্স, রক্তদাতা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।



