ফুটবলের দলবদলে শেষ মুহূর্তে ক্লাব পরিবর্তনের ঘটনা নতুন নয়। এবার তেমনই এক নাটকীয় পরিস্থিতির মুখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যাওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে সেই চুক্তি ভেস্তে গেছে। ডার্বিকে টপকে হামজাকে দলে ভেড়াতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার ও স্কাই স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্কাই স্পোর্টসের সাংবাদিক অ্যান্থনি জোসেফ জানিয়েছেন, শেফিল্ড ইউনাইটেড শেষ মুহূর্তে লেস্টারের মিডফিল্ডার হামজা চৌধুরীর চুক্তি ডার্বি কাউন্টির কাছ থেকে ‘ছিনিয়ে’ নিয়েছে। হামজা ডার্বিতে যাওয়ার পথে থাকলেও শেফিল্ডের শেষ মুহূর্তের প্রস্তাবে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। জানা গেছে, শেফিল্ডে যোগ দেওয়ার আগে হামজার মেডিকেল পরীক্ষা হবে। এরপর সম্পন্ন হবে চুক্তির আনুষ্ঠানিকতা।
এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সেই সময় দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি রাইট-ব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড। মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারার সক্ষমতা রয়েছে বাংলাদেশের এই ফুটবলারের।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোল্টনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে হামজা চৌধুরীর। গত মৌসুমে ক্লাবটির হয়ে তার পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছেও তিনি পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন।
মাত্র ৭ বছর বয়সে, ২০০৫ সালে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেকের পর দীর্ঘ সময় লেস্টারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্লাবটির হয়ে এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছেন এই মিডফিল্ডার।
শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে লেস্টার সিটির সঙ্গে হামজার দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি ঘটবে। ডার্বি কাউন্টিতে যাওয়ার পথে শেষ মুহূর্তে শেফিল্ডের প্রস্তাবে তার সিদ্ধান্ত বদলে যাওয়ায় দলবদলের বাজারে এটি এখন অন্যতম আলোচিত ঘটনা।



